দিরাই রাজানগর ইউনিয়নবাসীর সেবক হতে চান মাওলানা আশিকুল ইসলাম (উমেদনগরী)


Sylheter samachar24 প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন /
দিরাই রাজানগর ইউনিয়নবাসীর সেবক হতে চান মাওলানা আশিকুল ইসলাম (উমেদনগরী)

দিরাই রাজানগর ইউনিয়নবাসীর সেবক হতে চান মাওলানা আশিকুল ইসলাম (উমেদনগরী)

দিরাই প্রতিনিধিঃ-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৩ নং রাজানগর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা ও মূল্যায়ন। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন মাওলানা আশিকুল ইসলাম (উমেদনগরী)।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি ইতোমধ্যে ইউনিয়নের মানুষের কাছে নিজেকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তার দাবি, রাজানগর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে চান।
মাওলানা আশিকুল ইসলাম বলেন,
“জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন, তাহলে আমি কোনো বৈষম্য ছাড়াই সকল নাগরিকের পাশে থাকব। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। জনপ্রতিনিধি নয়, আমি রাজানগর ইউনিয়নের একজন সেবক হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই।”
তিনি আরও বলেন, উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে পৌঁছায়, সে লক্ষ্যে সবার মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। মাদক, দুর্নীতি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের একটি অংশের মতে, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত জনগণের প্রতি দায়বদ্ধতা ও সততা। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে যারা অংশ নেবেন, তারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজানগর ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে কাজ করবেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে রাজানগর ইউনিয়নে রাজনৈতিক আলোচনা দিন দিন জমে উঠছে। সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ বাড়ানোর পাশাপাশি ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা ও উন্নয়নের অঙ্গীকার তুলে ধরছেন। এর মধ্যেই মাওলানা আশিকুল ইসলাম (উমেদনগরী) ইউনিয়নবাসীর সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করায় বিষয়টি স্থানীয় পর্যায়ে আলোচনার জন্ম দিয়েছে।