
দিরাইয়ে বিদ্যুতের ডিগবাজিতে অতিষ্ঠ গ্রাহকরা, জনজীবনে চরম ভোগান্তি
দিরাই প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া এবং দীর্ঘ সময় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। রাতের ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অনেকের ঘুম নষ্ট হচ্ছে, আর শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে।
এদিকে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে দোকানপাট, ছোট শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। অনেকেই দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দিরাইয়ে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে জনদুর্ভোগ কমে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে।
আপনার মতামত লিখুন :