
শান্তিগঞ্জে পুলিশের খাঁচায় কুখ্যাত ডাকাত জয়নাল
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক আসামি জয়নাল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ জুন) আনুমানিক রাত ২টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কালীনগর এলাকায় শান্তিগঞ্জ ও দিরাই থানা পুলিশের একটি যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল মিয়া দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মে রাতে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিনের ছেলে শিপন মিয়া ধানের ব্যবসা শেষে স্থানীয় দিরাই বাজার থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ৯টার দিকে তিনি দুর্গাপুর গ্রামের আফরোজ মিয়ার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ডাকাত তাঁর গতি রোধ করে।
মামলার প্রধান আসামি সিফত ও আজ গ্রেফতার হওয়া দ্বিতীয় আসামি জয়নালসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে শিপনকে জিম্মি করে। এ সময় তাঁর ওপর অমানবিক নির্যাতন চালিয়ে নগদ ৫ লক্ষ টাকা এবং একটি স্মার্টফোন লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
এই ডাকাতির ঘটনায় ইউপি সদস্য জামাল উদ্দিন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পলাতক ছিল।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ জানান, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে দ্বিতীয় আসামিকে গ্রেফতার করেছি। ডাকাতির সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :